বেজোসের প্রমোদতরী পাড় করতে সাময়িক ভাঙতে হচ্ছে ঐতিহাসিক সেতু

৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:০২  
ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোসের প্রমোদতরী যাতে নির্বিঘ্নে চলতে পারে সেজন্য এবার খুলতে হচ্ছে নেদারল্যান্ডসের রটারডামের একটি ঐতিহাসিক সেতু। অপরদিকে প্রমোদতরীর জন্য বেজোসকে গুণতে হচ্ছে প্রায় ৪ হাজার ১৬৮ কোটি টাকা। ৪১ মিটার উঁচু প্রমোদতরীটি বেজোসের কাছে পাঠাতে কোনিগসহাফেন সেতুর নিচ দিয়ে সাগরে নিয়ে যেতে হবে। কিন্তু সেতুর নিচে এতোটা জায়গা না থাকায় সেতুর মাঝের অংশটি খোলার প্রয়োজন হবে। তবে সেতু খোলার সিদ্ধান্তে খুশি নন শহরের অনেক বাসিন্দা। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনিগসহাফেন সেতুটি ভাঙতে এরই মধ্যে অনুমতিও দিয়েছে নেদারল্যান্ডসের রটারডাম কর্তৃপক্ষ। মেয়রের কার্যালয় বলছে, বেজোসের প্রমোদতরী তৈরিকে ঘিরে আর্থিক লাভ হচ্ছে। এতে অনেকের চাকরি হয়েছে। সেতুটি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনারও অঙ্গীকার করেন তিনি। সেতু খোলা ও লাগানোর যাবতীয় খরচ বেজোস দেবেন বলেও জানানো হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, আগামী গ্রীষ্মে এই কাজ করা হতে পারে। সময় লাগবে কয়েক সপ্তাহ। যদিও ১৮৭৮ সালে তৈরি এই ব্রিজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে গিয়েছিল। এরপর সেটি আবার তৈরি করা হয়। ২০১৭ সালে শেষবার সংস্কার করা হয় সেতুটি।